কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় নারী সাংবাদিক নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্র পরিচালিত সম্প্রচারমাধ্যম রেডিও লিবার্টির এক সাংবাদিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবারের হামলায় একটি আবাসিক ভবনের নিচের দুটো তলা ধ্বংস হয়ে যাওয়ার পর ধ্বংসাবশেষ থেকে গতকাল শুক্রবার সকালে ভিরা হাইরিচ নামে ওই নারী সাংবাদিক ও প্রডিউসারের মৃতদেহ পাওয়া গেছে।

প্রাগভিত্তিক রেডিও ফ্রি ইউরোপ বলেছে, ভিরা ২০১৮ সাল থেকে রেডিও লিবার্টিতে কাজ করে আসছিলেন। এর আগে তিনি ইউক্রেনের প্রথম সারির টিভি চ্যানেলগুলোতে কাজ করেছিলেন। কিয়েভে তিনি যে বাড়িতে থাকতেন সেখানেই ক্ষেপণাস্ত্র হামলায় তিনি মারা যান।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো জানান, কিয়েভের কেন্দ্রস্থলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় ভিরা ঘুমাতে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘রাশিয়ার নৃশংসতা ধারণাতীত। আমরা ভিরা এবং অন্যান্য নিরীহ ইউক্রেনীয় হত্যার নিন্দা জানাতে মিডিয়া সংগঠনগুলোকে আহ্বান জানাচ্ছি।’

রেডিও লিবার্টির সম্পাদকীয় বোর্ড এক বিবৃতিতে ভিরার মৃত্যুতে তার পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাকে সত্যিকারের একজন পেশাজীবী, বুদ্ধিদীপ্ত এবং দয়ালু ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হবে বলে জানিয়েছে।

ভিরার মৃতদেহ পাওয়ার আগে থেকেই সেখানকার কাজ তদারক করছিলেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো। তিনি বলেন, ‘এ শহর এখনো বিপজ্জনক। এটি এখনো রাশিয়ার নিশানা। তারা এটির দখলে নিতে চায়।’