খুলনায় তথ্যমন্ত্রী

কলমের এক খোঁচায় সাংবাদিকদের শ্রমিক বানিয়েছিল বিএনপি

বিএনপির আমলে সাংবাদিকদের প্রতি বৈরী আচরণের উদাহরণ টেনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেতারা এখন সাংবাদিকদের সামনে গিয়ে বড় বড় কথা বলেন, অথচ তারাই ২০০৬ সালে ক্ষমতা থেকে যাওয়ার কিছুদিন আগে কলমের এক খোঁচায় আইন পরিবর্তন করে সমস্ত সাংবাদিককে শ্রমিক বানিয়ে দিয়েছিলেন।’

গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে খুলনায় সাংবাদিক ও তাদের পরিবারের জন্য সহায়তা ও করোনায় বিশেষ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী। খবর বাসস।

তথ্যমন্ত্রী বলেন, ‘পঁচাত্তর সালের পর জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, এরশাদ সাহেব ছিলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দুইবার ক্ষমতায় ছিল, সাংবাদিকদের কল্যাণের জন্য তারা কিছু করেননি, কোনো ট্রাস্ট করেননি। সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন বঙ্গবন্ধৃকন্যা জননেত্রী শেখ হাসিনা।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল, এই খুলনাতেই হুমায়ুন কবির বালু, মানিক সাহা, যশোরে শামসুর রহমান কেবল, সাইফুল আলম মুকুলসহ অনেক সাংবাদিক হত্যাকা-ের শিকার হয়েছেন, শত শত সাংবাদিক নিগৃহীত হয়েছেন। জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সরকার সাংবাদিকদের পাশে আছে।’

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, খুলনার জেলা প্রশাসক (ডিসি) মনিরুজ্জামান তালুকদার, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাবেক সভাপতি মকবুল  হোসেন মিন্টু, এসএম জাহিদ হোসেন প্রমুখ।

খুলনায় ৩২ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারকে ২৩ লাখ টাকা এবং ৮৬ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর করোনা সহায়তা থেকে ৮ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। ২০১৪ সালে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের পর থেকে গত ২৫ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ১৫৬ জন সাংবাদিক ও তার পরিবারকে ২২ কোটি ৭৯ লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর করোনা সাহায্যের ১০ কোটি টাকা থেকে ইতিমধ্যে প্রায় ৬ কোটি টাকা দেশব্যাপী সাংবাদিকদের এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।