সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা করেছে মডেল থানা পুলিশ।
থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক বাদী হয়ে শুক্রবার (২৯ এপ্রিল) রাতে ছয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করেন।
মামলার আসামিরা হলেন, উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. শাওন ও মনছুর হেলাল মুন এবং উপজেলা ছাত্রলীগের সদস্য সামিউল ইসলাম সুমন, জাকির হোসেন, সনি আহমেদ ও সবুজ আলী।
শনিবার (৩০ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত ২৭ এপ্রিল রাতে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা মোটরসাইকেল নিয়ে পৌরবাজারে কেনাকাটার জন্য প্রবেশ করেন। এ সময় দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে দোকানিদের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দোকানি ও ছাত্রলীগ নেতাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তারাও হামলার শিকার হন। এতে আহত হন তিন পুলিশ সদস্য।
আহতরা হলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, কনস্টেবল মতিয়ার রহমান ও সুজাউদ্দৌলা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উল্লিখিত ছাত্রলীগ নেতাদের আসামি করে পুলিশ থানায় মামলা দিয়েছে।
ওই দিন মোটরসাইকেল রাখা নিয়ে হামলার শিকার ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকেও ২৮ এপ্রিল মডেল থানায় ৪৫ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।