ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনা কেড়ে নিল আরো ২ প্রাণ

সিরাজগঞ্জে ঈদের দিন মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৩ শিশু-কিশোর। তাড়াশে পৃথক স্থানে দুই ও চৌহালিতে একজনের মৃত্যু হয়। আহত হয়েছে দুজন।

নিহতরা হলো, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের একাদশ শ্রেণির ছাত্র আবু বক্কারের ছেলে মেহেদী হাসান (১৭), মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের ৭ম শ্রেণির ছাত্র মোজাহার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১২) ও চৌহালির কোদালিয়া এলাকায় নিহত ফাহিম (৭) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিধুলা গ্রামের মো. সজীবের ছেলে।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঈদের দিন বিকালে একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়, মেহেদী, শাকিল ও রনি নামের তিন বন্ধু। মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর কারণে তাড়াশ-রানীরহাট সড়কের বেরখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান মারা যায়। তার আহত দুই বন্ধু বড়ইচড়া গ্রামের রাকিব হোসেন (১৭) ও রনি আহমেদকে (১৬) উদ্ধার করে বগুড়ার একটি হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, ঈদের দিন মঙ্গলবার বিকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে শাকিল(১৭) নামের এক কিশোর মারা যায়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছার আগেই স্বজনরা তার লাশ নিয়ে যায়। ফলে এ বিষয়ে আর কোন ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

এদিকে চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার কোদালিয়া এলাকায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারায় শিশু ফাহিম (৭)। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিধুলা গ্রামের মো. সজীবের ছেলে। 

ওসি হারুন আরও জানান, ঈদে পরিবারের সাথে নানার বাড়ি বেড়াতে আসে শিশু ফাহিম। এদিন বিকেলে সড়ক দিয়ে হাঁটছিল ফাহিম। এ সময় ব্যাটারি চালিত একটি ইজিবাইকের ধাক্কায় সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।