যুদ্ধের বাজারে সার আমদানিতে ভরসা কানাডা

বেলারুশ ও রাশিয়া থেকে সার আমদানি আপাতত বন্ধ। এ কারণে কানাডাকে পটাশিয়াম সার সরবরাহ অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলস কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাকে এ অনুরোধ জানানো হয়।

কৃষিমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, দুই দেশের বর্তমান সম্পর্ক নিয়ে এবং আগামীতে বাংলাদেশ-কানাডা কীভাবে এগিয়ে যাবে, সেসব বিষয়ে তারা কথা বলেছেন। বিশ্বে খাদ্য সংকট দেখা দিলে কানাডার তরফ থেকে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্যশস্য সরবরাহ করার প্রতিশ্রুতি পাওয়ার কথাও বলেন মন্ত্রী।

বাংলাদেশ যেসব পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়, তেমন কিছু কৃষিপণ্য কানাডা থেকে আমদানি করা হয় জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘বিশেষ করে ভোজ্য তেল, সয়াবিন এবং অন্যান্য তেল, ক্যানোলা, মাস্টার্ড এগুলো আমরা কানাডা থেকে আনি। গম এবং মসুর ডালও আমরা কানাডা থেকে আনি।’

কভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে খাদ্যপণ্যের বাজারে বড় সংকট তৈরি হওয়ার শঙ্কা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে বিশ্ব ব্যাংক এবং বিশ্ব খাদ্য সংস্থা একটা ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কার কথা জানিয়েছে। ইউরোপীয় দেশগুলোতে আমরা খাদ্য নিয়ে নানা জটিলতার কথা শুনছি।’