আর্সেনালের সঙ্গে নতুন চুক্তি করলেন আর্তেতা

আর্সেনালের সঙ্গে নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন কোচ মাইকেল আর্তেতা। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমের শেষ পর্যন্ত এমিরেটস স্টেডিয়ামে থাকবেন তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে গানারদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান আর্তেতা। এর আগে ২০১১-১৬ মৌসুম আর্সেনালের জার্সিতে খেলেছেন তিনি।

গানারদের সঙ্গে চুক্তি নবায়নের পর ৪০ বছর বয়সী কোচ বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত, কৃতজ্ঞ এবং সত্যি সত্যি আজ আনন্দিত।’

চলতি মৌসুমে আর্তেতার অধীনে চ্যাম্পিয়নস লিগের টিকিট পাওয়ার জন্য লড়ছে আর্সেনাল। ৩৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে গানাররা। সেরা চারে থাকতে পারলে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হবে আর্তেতার শিষ্যদের।

চুক্তি নবায়ন করেছেন আর্সেনাল নারী ফুটবল দলের কোচ জোনাস এইদেভলও। গত গ্রীষ্মে লন্ডনের ক্লাবটিতে যোগ দেন তিনি। আগামী ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত তিনি আর্সেনালে থাকবেন।