কয়েক ধরনের মাছ রান্নার রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা
মচমচে ইলিশ
উপকরণ
ইলিশ মাছ ৮ পিস, মরিচের গুঁড়ো ১ চা চামচ, হলুদের গুঁড়ো সিকি চা চামচ, লবণ আধা চা চামচ, চালের গুঁড়ো ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, তেল ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. ইলিশ মাছের টুকরো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. চালের গুঁড়ো বাদে বাকি সব উপকরণ দিয়ে মেরিনেট করে ১০ মিনিট রেখে দিন।
৩. ১০ মিনিট পর চালের গুঁড়োতে কোট করে ফ্রিজে আরও ১০ মিনিট রেখে দিন।
৪. এরপর কড়াইয়ের ডুবো তেলে লালচে করে ভেজে পরিবেশন করুন।
বাছা মাছের দোপেঁয়াজা
উপকরণ
বাছা মাছ ১০ টুকরো, হলুদের গুঁড়ো ১ চা চামচ, লবণ ১ চা চামচ, তেল আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, সাদা সরিষা বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা আধা চা চামচ, কাঁচা মরিচ ৪টি, তেল সিকি কাপ, ঘি ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. মাছে লবণ ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
২. কড়াইয়ে তেল গরম করে মাছ হালকা ভেজে উঠিয়ে রাখুন।
৩. একই তেলে পেঁয়াজ কুচি লালচে করে ভেজে তাতে পেঁয়াজ বাটা দিয়ে দিন।
৪. বলগ এলে তাতে ভেজে রাখা মাছ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন।
৫. হয়ে গেলে নামানোর আগে আস্ত কাঁচা মরিচ ও ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
তেলে ভাসা তেলাপিয়া
উপকরণ
বড় তেলাপিয়া মাছ ১টি এক কেজির, মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, লবণ ১ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, সরিষার তেল আধা কাপ, পাঁচফোড়ন ১ চিমটি।
যেভাবে তৈরি করবেন
১. মাছ ৮ টুকরো করে কেটে হালকা লবণ-হলুদ মাখিয়ে রাখুন ১০ মিনিট।
২. কড়াইয়ে তেল গরম করে মেরিনেট করা মাছ হালকা করে ভাজুন।
৩. এই তেলে পাঁচফোড়ন দিয়ে দিন। এরপর তাতে পেঁয়াজ বাটা দিয়ে লালচে রং না হওয়া পর্যন্ত কষাতে থাকুন।
৪. লালচে হলে আদা বাটাসহ বাকি সব গুঁড়ো মসলা দিয়ে পানি দিয়ে কষিয়ে
ভেজে রাখা মাছ দিয়ে দিন।
৫. ১২ মিনিট কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি ও কাঁচা তেল দিয়ে আরও ১ মিনিট দমে রেখে দিন।
৬. অবশেষে চিনি দিয়ে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।
ভাপা কাতল
উপকরণ
কাতল মাছ ৮ পিস, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, সাদা সরিষা বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, হলুদের গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, ভাজা পেঁয়াজ বাটা সিকি কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লবণ ১ চা চামচ, সরিষার তেল আধা কাপ, কাঁচা মরিচ ৫টি, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. মাছ মাঝারি আকারে কেটে নিন।
২. লেবুর রস বাদে সব উপকরণ ভালো করে নিয়ে পেস্টের মতন বানিয়ে নিন।
৩. এই মসলায় মাছ ভালো করে মেখে মেরিনেট করে ৩০ মিনিট রেখে দিন।
৪. একটা ঢাকনাওয়ালা টিফিনের বক্সে এই সমগ্র মিশ্রণগুলোকে রেখে ঢেকে পুডিং যেভাবে রান্না করি, ঠিক সেভাবে রান্না করুন ৩০ মিনিট।
৫. হয়ে গেলে নামিয়ে ঢাকনা খুলে লেবুর রস দিয়ে নামিয়ে পরিবেশন করুন।