বাউফলে ১৪৪ ধারা

আ.লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

দলীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ পৃথক এলাকায় পৃথক সময়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় আ স ম ফিরোজ এমপির পক্ষে নাজিরপুর ইউপি চেয়ারম্যানের বাসভবনের সামনে এবং বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বাউফল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।

উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার লিখিত বক্তব্যে আ স ম ফিরোজের বিরুদ্ধে দলীয় আচরণ ভঙ্গের অভিযোগ করেন। অন্যদিকে মোতালেব হাওলাদারের বিরুদ্ধেও একই অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য দেন আ স ম ফিরোজে পক্ষের নেতাকর্মীরা।

এর আগে গতকাল সকাল ১০টায় বাউফল উপজেলা আওয়ামী লীগের বিবদমান এই দুই গ্রুপ একই সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে সংবাদ সম্মেলন ডাকলে কার্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

বাউফল উপজেলা আওয়ামী লীগের নেতারা দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত।