গাজীপুরের কাপাসিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে তিন দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন রিয়াজউদ্দিন সুমন (৩৭) নামে এক রাইড শেয়ারিং কর্মী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি সদর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের মৃত সিরাজউদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত প্রায় তিন বছর যাবৎ সুমন নিজের মোটরসাইকেল দিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভাড়ায় যাত্রী পরিবহন করে আসছিলেন। গত সোমবার চাঁদরাতে প্রায় ৩টা পর্যন্ত সুমনের সঙ্গে তার স্ত্রী শাহনাজের যোগাযোগ ছিল। তখনো তিনি যাত্রী নিয়ে ব্যস্ত রয়েছেন বলে মোবাইল ফোনে জানিয়েছিলেন। এর কিছুক্ষণ পর থেকে তাকে আর মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে ঈদের দিন সকালে উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া এলাকার ইউপি সদস্য আবুল কাশেম মোবাইলে জানান, সুমন মারাত্মক আহত হয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
ইউপি সদস্য আবুল কাশেম জানান, সুমনের মাথা, গলা ও বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের কবলে পড়ে তিনি তাদের প্রতিহত করতে চাইলে এ ঘটনা ঘটতে পারে। একাধিক অস্ত্রোপচার করা হলেও তাকে বাঁচানো যায়নি।
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম বলেন, ‘এ বিষয়ে নিহতের স্বজনদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’