ইলন মাস্ক নিজেই বসবেন টুইটারের শীর্ষ পদে

রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নিয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত মাসের শেষের দিকে টুইটারের পরিচালনা পর্ষদ ইলন মাস্কের ৪৪ বিলিয়ন ডলারের অধিগ্রহণ প্রস্তাব গ্রহণ করে।

এরপর থেকেই সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি। তিনি আর কী কী করতে পারেন বা তার পরিকল্পনায় আর কী রয়েছে এসব নিয়েও রয়েছে জল্পনা। এরই মধ্যে খবর বেরিয়েছে, সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটারের শীর্ষ পদে নিজেই বসতে চলেছেন ইলন মাস্ক। রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার কিনে নেওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর এখন প্রতিষ্ঠানটি মালিকানা বুঝে নেওয়ার অপেক্ষায় আছেন ইলন মাস্ক। মালিকানা বুঝে নেওয়ার পরই সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ইলন মাস্ক বসবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে টুইটারের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন পরাগ আগরওয়াল। ২০২১ সালের নভেম্বরে মাইক্রোব্লগিং এই সাইট টুইটারের সিইও হিসেবে দায়িত্বে নেন ভারতীয় বংশোদ্ভূত এই কর্মকর্তা। এর আগে তিনি টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ছিলেন।

রয়টার্স বলছে, ইলন মাস্কের কাছে টুইটারের বিক্রয় সম্পন্ন না হওয়া পর্যন্ত পরাগ আগরওয়ালই সংস্থাটির সিইও হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে প্রথম জানায়, মাস্ক অন্তর্বর্তীকালীন সময়ের জন্য টুইটারের সিইও হওয়ার পরিকল্পনা করছেন।

এ ক্ষেত্রে গত ২৬ এপ্রিল গবেষণা সংস্থা ইকুইলারের একটি হিসাবও সামনে এনেছিল রয়টার্স। গবেষণা সংস্থাটির হিসাব অনুযায়ী, টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওর পদ থেকে সরিয়ে দেওয়া হলে চুক্তি অনুযায়ী ৪২ মিলিয়ন মার্কিন ডলার পাবেন পরাগ আগরওয়াল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬১ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকা।