দুইবার পিছিয়ে পড়েও মুক্তিযোদ্ধাকে হারাল বসুন্ধরা কিংস

দুইবার পিছিয়ে পড়েও রোমাঞ্চকর জয় পেল বসুন্ধরা কিংস। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-২ গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের দল।

শনিবার মুন্সিগঞ্জ স্টেডিয়ামে ১৭তম মিনিটে বুরুন্ডি ফরোয়ার্ড সুদি আবদাল্লাহর গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় ‘ফ্রিডম ফাইটার’রা।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে বসুন্ধরা। ৪৮তম মিনিটে স্বদেশি ফরোয়ার্ড রবিনহোকে দিয়ে গোল করান ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা। ৬০তম মিনিটে ফের আবদাল্লাহর গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা।

৭৩তম মিনিটে এলিটা কিংসলের গোলে সমতায় ফের কিংস। এই গোলেও অ্যাসিস্ট করেন ফিগুয়েইরা। ৮০তম মিনিটে বসুন্ধরার জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে মাঠে নামা সুমন রেজা।

এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও অটুট করল অস্কার ব্রুজনের দল। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংস।

তাদের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে আবাহনী। দিনের আরেক ম্যাচের মারিও লেমোসের দল ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। ৭ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে মুক্তিযোদ্ধা।