সংবাদ প্রকাশের জেরে যশোরের ‘দৈনিক লোকসমাজ’ পত্রিকার বার্তা সম্পাদক সিকদার খালিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বাঁশ দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা।
তিনি যশোর জেনারেল হাসপাতালে গভীর পর্যবেক্ষণে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
স্থানীয় সন্ত্রাসী লিটন ওরফে হাঁস লিটন এবং তার সহযোগীরা তাকে জখম করেছেন বলে সিকদার খালিদ অভিযোগ করেছেন।
গত শুক্রবার যশোরের বিরামপুরে অভিযুক্ত লিটনের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
হাসপাতালে চিকিৎসাধীন শিকদার খালিদ সংবাদমাধ্যমকে জানান, বিভিন্ন সময় লিটনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে লিটন তার ওপর ক্ষুব্ধ ছিলেন। গত ৬ মে রাত সাড়ে ৯টার দিকে প্রয়োজনের কথা বলে ফোনে খালিদকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান লিটন। সেখানে লিটন ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বাঁশ দিয়ে পিটিয়ে জখম করেন। এরপর সিকদার খালিদকে দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। এতে তার পা ভেঙে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করেন।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আ ন ম বজলুর রশিদ টুলু সংবাদমাধ্যমকে বলেন, খালিদের মাথার আঘাত মারাত্মক। তার একটি পা ভেঙে গেছে। শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে। তার অবস্থা আশঙ্কাজনক।
আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।