৩৪ ঘণ্টা পর উদ্ধার নিখোঁজ সেই চার কিশোরী

লক্ষ্মীপুরের কমলনগরে নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে একসঙ্গে নিখোঁজ হওয়া চার কিশোরী বোনকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যার দিকে লক্ষ্মীপুর সদরের জেলখানা রোড থেকে তাদের উদ্ধার করা হয়। কমলনগর থানার ওসি মো. সোলাইমান দেশ রূপান্তরকে গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শনিবার সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে নিখোঁজ হয় জোবাইদা আক্তার, মিতু আক্তার, সামিয়া আক্তার নিহা ও সিমু আক্তার। তারা একই পরিবারের সদস্য। তাদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ওসি মো. সোলাইমান বলেন, তারা বাবা-মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়। তাদের উদ্দেশ্য ছিল ঢাকা যাওয়ার। জেলখানা রোডে তাদের দেখে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।