নারী-শিশুসহ সড়কে নিহত ৯

সড়ক দুর্ঘটনায় এক দিনে আরও ৯ জনের নিহত হওয়ার খবর মিলেছে। গতকাল রবিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনই মোটরসাইকেল দুর্ঘটনায় শিকার। এছাড়া দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ও বাসচাপায় নিহত হয়েছে আরও চারজন। এছাড়া বাস-পিকআপ সংঘর্ষে নিহত হয়েছে আরেক ব্যক্তি। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪০ জন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিশেষ করে নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মকর্তার স্ত্রী-সন্তানের অবস্থা গুরুতর। দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত :

নীলফামারী প্রতিনিধি জানান, জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার অফিস সহকারী সাদেকুল ইসলাম সৌরভ খান (২৮) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গে থাকা স্ত্রী অনন্যা রোজি (২৪) ও দেড় বছরের শিশু ফাইজান হক। তাদের অবস্থা আশঙ্কাজনক। রংপুর মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন তারা। নিহত সৌরভ জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের মার্কাস মসজিদপাড়া এলাকার আনোয়ারুল হক মিন্টুর ছেলে।

কুড়িগ্রাম সংবাদদাতা জানান, জেলার রাজারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রেলের রেলিংয়ে সঙ্গে সংঘর্ষে ইমন মিয়া (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা লাদেন ওরফে রায়হান (২০) নামে অন্য এক আরোহী। নিহত ইমন জেলা সদরের চরসিতাইঝাড় এলাকার দুলাল মিয়ার ছেলে। গতকাল সকাল ৮টার দিকে রাজারহাটের শরিফ সিনেমা হলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় সামিউল বাছির (১৬) নামে এক কিশোর মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার গাঙপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল নওগাঁ জেলার রামচন্দ্রপুর এলাকার রুহুল আমিনের ছেলে। সে বাবার চাকরিসূত্রে পরিবারের সঙ্গে শিবপুরের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া থাকত।

এদিকে রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বীণা (২২) নামে এক নারী নিহত হয়েছেন। রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১২টার দিকে রমনা সার্ক ফোয়ারার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান মোটরসাইকেলচালক মোস্তফা কামাল ও আরোহী বীণা। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই নারীকে চিকিৎসক রাত ১টায় মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোড এবং ঢাকা-খুলনা মহসড়কের ঝাটুকদিয়া নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার পৌরসদরের কাপুড়িয়া সদরদী গ্রামের জিলানী এবং ছয় বছরের এক শিশু। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্য এক যুবক এবং তিন নারী। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হামিদ উদ্দিন আহমেদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে ভাঙ্গা বিশ^রোড মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা এসপি পরিবহনের একটি বাস চালু রেখে চালক বাইরে যান। এ সময় হঠাৎ গাড়িটি চলতে শুরু করে। মুহূর্তেই পাশে দাঁড়িয়ে থাকা দুই যুবকের ওপর বাসটি উঠে যায়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাসের চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া কুড়িগ্রামের উলিপুর থানার সাধুয়া দামোরহাট এলাকার জামাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নীরব মিয়া (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে কালিতলা গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুলাল মিয়া (২৮) নামে আরও এক মাছ ব্যবসায়ী। নীরব ও দুলালের বাড়ি বগুড়ার মহাস্থানগড় এলাকায়।

মানিকগঞ্জের সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত আরও ২২ জন আহত হয়েছে।

গালড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটভাউর এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন অন্তত আরও ২২ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।