যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দুই মন্ত্রী ঢাকায়

দুই দিনের সফরে গতকাল রবিবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দুজন মন্ত্রী। তারা হলেন দেশটির আন্তর্জাতিক দাতা সংস্থার (ইউএসএআইডি) পলিসি অ্যান্ড প্রোগ্রাম বিষয়ক ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ইসোবেল কোলম্যান ও স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন ব্যুরোর উপসহকারী মন্ত্রী স্কট টার্নার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রী। এছাড়া সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিনিধি এবং সিভিল সোসাইটির সঙ্গে সিরিজ বৈঠক করবেন তারা।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রীর এ সফরে রোহিঙ্গা ইস্যুসহ রাজনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা হতে পারে। এছাড়া ভাসানচরে স্বেচ্ছায় স্থানান্তরিত হওয়া

রোহিঙ্গাদের জীবনমান পর্যবেক্ষণ করবেন এই দুই মন্ত্রী। সরকারের দায়িত্বশীল পর্যায়ের বৈঠকগুলোতে রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়টি নিয়েও আলোচনা হবে।

যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধির এটাই হবে প্রথম ভাসানচর পরিদর্শন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক বিশেষ করে শরণার্থী সহায়তায় ওয়াশিংটন যে একনিষ্ঠভাবে ঢাকার পাশে রয়েছে এ সফর তারই প্রতিফলন।

যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রী ছাড়াও ২৭ সদস্যের একটি বাণিজ্যিক প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে।