নতুন শিক্ষা কারিকুলাম চালু হলে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও কার্যক্রমের যাচাইবাছাই শেষ। শিগগিরই এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে।’
গতকাল রবিবার সকালে শেরপুর শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার আগে সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন করতে প্রস্তুত রয়েছে।’
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।