জনতা ব্যাংকের রেকর্ড ৩০০ কোটি টাকা নিট মুনাফা

সংকট কাটিয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক রেকর্ড মুনাফা অর্জন করেছে। ২০২১ সালে সরকারি মালিকানার এ ব্যাংকটি ৩০০ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা ব্যাংকটির প্রতিষ্ঠার পর সর্বোচ্চ। আর্থিক বিবরণী পর্যালোচনা শেষে এ তথ্য জানিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২১ সালের ব্যাংকের অনুমোদিত আর্থিক বিবরণী অনুযায়ী জনতা ব্যাংক ৩০০ কোটি টাকার বেশি নিট মুনাফা অর্জনের পাশাপাশি ব্যাংকের পরিচালন মুনাফা হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ২০১২ সালের পর পরিচালন মুনাফায় আবার ব্যাংকটি এ অবস্থান ফিরে পেয়েছে। এ সময়ে ব্যাংকের লোকসানি শাখাও কমেছে। বর্তমানে ব্যাংকের লোকসানি শাখা ৫১টি থেকে কমে ৩৯টিতে  দাঁড়িয়েছে।

নিট মুনাফা বাড়ায় ব্যাংকটির শেয়ারপ্রতি আয়ও (ইপিএস) উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে জনতা ব্যাংকের পরিশোধিত মূলধন হচ্ছে ২ হাজার ৩১৪ কোটি টাকা। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হচ্ছে ১০০ টাকা। ২০২০ সালে ব্যাংকটির ইপিএস ছিল ৬২ পয়সা, যা ২০২১ সালে বেড়ে ১২ টাকা ৯৮ পয়সা দাঁড়িয়েছে। গত বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৯ গুণ।

জনতা ব্যাংক জানিয়েছে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ব্যাংকটির শ্রেণিকৃত ঋণের পরিমাণও কমেছে। ২০২০ সালের তুলনায় গত বছর শ্রেণিকৃত ঋণ ৫ শতাংশ হ্রাস পেয়েছে। ১৩ হাজার ৭০০ কোটি টাকা থেকে এখন ব্যাংকটির মোট শ্রেণিকৃত ঋণ ১২ হাজার ৩০০ কোটি টাকায় নেমে এসেছে। ব্যাংকটির মোট আমানত বেড়ে এখন ১ লাখ ২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। এছাড়া অগ্রিম, রপ্তানি, স্প্রেড এবং ঋণ থেকে আয় বেড়েছে, তহবিল ব্যয় কমেছে। ব্যাংকের অন্যান্য সূচকগুলোতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।