মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী

বাংলাদেশ প্রতিনিধিদলের সফর আয়োজন করেছে ভারত

মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং ‘আজাদী কা অমৃত’ মহোৎসবের অংশ হিসেবে ভারত সরকার ৯ থেকে ১২ মে ভারতের মেঘালয়ে ২৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের সফরের আয়োজন করছে। গতকাল সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়। প্রতিনিধিদলে রয়েছেন ১৮ জন বীর মুক্তিযোদ্ধা, যারা মেঘালয়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং ১১ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি প্রতিনিধিদলে সাংবাদিকসহ অন্যান্য পেশার বাংলাদেশিরাও রয়েছেন।

এই সফরে বাংলাদেশ প্রতিনিধিদল মেঘালয় সরকারের নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করবে, যার মধ্যে সেখানকার গভর্নর এবং মুখ্যমন্ত্রীর পাশাপাশি অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা রয়েছেন।

প্রতিনিধিদলটির ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে। যারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং স্বাধীনতার জন্য ন্যায়সঙ্গত সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন।

এই সফর বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য এবং ভারতীয় আয়োজক উভয়ের জন্যই ১৯৭১ সালের যুদ্ধের মুহূর্তগুলোকে পুনরুজ্জীবিত করার সুযোগ দেবে এবং একে অপরের জন্য শক্তিশালী সংযোগ এবং বন্ধুত্বকে আরও গভীর করবে।

বাংলাদেশ প্রতিনিধিদলের ভারত সফর এমন একটি গুরুত্বপূর্ণ সময় যখন ভারত স্বর্ণিম বিজয়বর্ষ উদযাপনের অংশ হিসেবে তার পতিত সাহসীদের সম্মান জানায় এবং বাংলাদেশ তার স্বাধীনতার ৫০ বছর উদযাপন করেছে।

আগামী মাসগুলোতে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসেবে ভারত সরকার আরও সফর এবং মিথস্ক্রিয়া করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।