বোরকা পরে রাতে প্রেমিকার ছাত্রী মেসে দেখা করতে গিয়ে আটক হয়েছেন মঈনুল ইসলাম নামে এক তরুণ। খেয়েছেন গণপিটুনি। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ মে) রংপুর মহানগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন চকবাজার কামারের মোড় নামক এলাকার এক ছাত্রী মেসে। আটক মঈনুল ইসলামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১০টার দিকে বোরকা পরিহিত একজন ছাত্রী মেসে ঢোকে একটি কক্ষে অবস্থান নেন। ছাত্রী মেসটিতে ঢোকার সময় ওই ব্যক্তির গতিবিধি দেখে অন্যান্য শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে বোরকা পরিহিতাকে আটক করলে পুরুষ কণ্ঠে কথা বলে। এসময় ছদ্মবেশ ধারণ করা মঈনুল ইসলামকে আটক করা হয়।
মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের উপপরিদর্শক আতিকুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক মইনুল ইসলাম ছদ্মবেশ নিয়ে ছাত্রী মেসে থাকা তার পূর্বপরিচিত একজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটক দুজনের মধ্য প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা যায়। তবে তাদের কারো প্রতি কারো কোনো অভিযোগ ছিল না। জিজ্ঞাসাবাদ শেষে আটক যুবককে তার আত্মীয়ের জিম্মায় ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েটিকে একজন শিক্ষকের জিম্মায় দেওয়া হয়েছে।