মনরোর পোর্ট্রটে বিক্রি ১৭০০ কোটি টাকায়

যুক্তরাষ্ট্রের শিল্পী ও চলচ্চিত্র পরিচালক অ্যান্ডি ওয়ারহোলের আঁকা হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর একটি ছবি বিক্রি হয়েছে ১৯৫ মিলিয়ন ডলার বা প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকায়। গত সোমবার নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিতে বিক্রি হওয়া ছবিটি ভেঙেছে পাবলো পিকাসোর আঁকা ছবির দামের রেকর্ডও। অ্যান্ডি ওয়ারহোল ১৯৬৪ সালে এঁকেছিলেন স্বর্ণকেশী মনরোর ‘শট সেইজ ব্লু মেরিলিন’ শিরোনামের ছবিটি।

বিবিসি জানাচ্ছে, ধারণা করা হয়েছিল ছবিটা নিলামে ২০০ মিলিয়ন ডলারে বিক্রি হবে। তবে শেষ অবধি সেটা রেকর্ড ১৯৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। এর আগে ২০১৫ সালে পাবলো পিকাসোর আঁকা ‘উইমেন অব আলজিয়ার্স’ বিক্রি হয়েছিল ১৭৯.৪ মিলিয়ন ডলারে। এতদিন ওই শিল্পকর্মই ছিল ২০ শতকের সবচেয়ে দামি পেইন্টিং।

মনরোর মোট পাঁচটি পোর্ট্রটে করেছিলেন অ্যান্ডি ওয়ারহোল। পাঁচ পোর্ট্রেেটর ওই সিরিজের নাম দিয়েছিলেন ‘শট’। ম্যানহাটানে অ্যান্ডির স্টুডিও ‘ফ্যাক্টরি’তে ঢুকে পোর্ট্রটেগুলো লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন এক দর্শনার্থী। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সব ছবি। পরে সেই ছবিগুলো ঠিকঠাক করে গুলির ঘটনা স্মরণে রেখে সিরিজটির নাম দিয়েছিলেন ‘শট’।

বিশেষজ্ঞদের মতে, শট সিরিজের ‘শট সেইজ ব্লু মেরিলিন’ বতিচেল্লির ‘বার্থ অব ভেনাস’, দ্য ভিঞ্চির ‘মোনালিসা’ এবং পিকাসোর ‘লা ডেমোইজেলের’ মানের শিল্পকর্ম। ক্রিস্টির শিল্পবিষয়ক চেয়ারম্যান অ্যালেক্স রটার বলেন, মেরিলিন মনরোর জনপ্রিয়তা আজও গগনচুম্বী। ‘আমেরিকান পপ’ জগতে এখনো শীর্ষেই আছেন তিনি।

এদিকে বিবিসি জানাচ্ছে, ছবি বিক্রির পুরো অর্থ যাবে টোমাস অ্যান্ড ডোরিস আম্মানের তহবিলে। সুইজারল্যান্ডের এই প্রতিষ্ঠান সারা বিশ্বের শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে।