কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বিবরণ চূড়ান্ত করার জন্য অধিনায়ক বাবর আজম ও প্রধান কোচ সাকলাইন মুশতাকের সঙ্গে বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বৈঠকে দুজনেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্রত্যেক খেলোয়াড়ের বেতন ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন উভয়ে। তবে এই সিদ্ধান্ত নির্ভর করছে পিসিবি ও বোর্ড সদস্যদের ওপর।
২০২২-২৩ অর্থ বছরের জন্য বার্ষিক বাজেট বরাদ্দের প্রক্রিয়া শুরু করেছে পিসিবি। বোর্ডের লক্ষ্য ছিল খেলোয়াড়দের কাছ থেকে তাদের প্রত্যাশার বিষয়ে জানা।
বৈঠকে বেতন বৃদ্ধির পাশাপাশি, গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের মধ্যে চুক্তির খসড়া, বেতনের জন্য সামগ্রিক বাজেট বরাদ্দ এবং খেলোয়াড়দের বিভাগগুলো নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া, ঘরোয়া চুক্তিগুলো সংশোধন করতে চায় পিসিবি। বাজেট, শ্রেণিবিভাগ, মাসিক বৃদ্ধি এবং ঘরোয়া চুক্তিতে খেলোয়াড়ের সংখ্যা বোর্ড দ্বারা মূল্যায়নের পরে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে আরও জানানো হয়, গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া শান মাসুদকে এবার চুক্তিতে রাখা হচ্ছে।