জয়পুরহাট আধুনিক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার ও আইসিও ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদুকে আমন্ত্রণ না জানানোয় জেলা প্রশাসক (ডিসি) ও হাসপাতাল তত্ত্বাবধায়কের অপসরণ চেয়েছে দলটির নেতা কর্মীরা।
সংসদ সদস্যকে অবমাননা করা হয়েছে অভিযোগ তুলে বুধবার দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের নেতা কর্মীরা।
শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে পৌঁছালে পুলিশের বাধায় মিছিলটি ফিরে যায়।
জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাহমুদ হোসেন হিমুসহ বিক্ষোভ মিছিলে তৃণমূলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার জয়পুরহাট আধুনিক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার ও আইসিও ইউনিট উদ্বোধন কালে জয়পুরহাট ১- আসনের সংসদ সদস্য ও হাসপাতালের সভাপতি এ্যাড. সামসুল আলম দুদুকে আমন্ত্রণ জানানো হয়নি।
এ ব্যাপারে জেলা প্রশাসক জানান, হাসপাতালে তিনি অতিথি ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের এই আয়োজনে কারা অতিথি থাকবেন সেটি আয়োজকদের বিষয় বলে জানান তিনি।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, হাসপাতালের সভাপতি ও স্থানীয় এমপিকে দাওয়াত দেয়া হয়েছে। কিন্তু তাদের রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা এক গ্রুপ অংশ নেননি।