শার্ট নিয়ে বিতর্ক, কলেজ ছাত্রকে ছুরি মেরে হত্যা

মাগুরার শালিখা উপজেলায় শার্ট নিয়ে বিতর্কের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ফয়সাল আহমেদ প্রিন্স (১৯) মারা গেছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রিন্স শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামের মাসুদ মোল্যার ছেলে ও এ বছর শালিখার সিংড়া বিহারী লাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী কাজল প্রতিদিন একই শার্ট পরে প্রাইভেটে কেন আসে, তা জানতে চায় একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আকাশ হোসেন। এ নিয়ে গত সোমবার দুজনের মধ্যে চতুরবাড়িয়া বাজারে কথা কাটাকাটি হয়। একই বিষয় নিয়ে পরের দিন কাজলকে চতুরবাড়িয়া স্কুল চত্বরে মারধর করে আকাশ। বিষয়টি জানতে পেরে ফয়সাল আহমেদ প্রিন্স দুপুরে চতুরবাড়িয়া বাজারে আকাশকে জেরা করে। একপর্যায়ে আকাশ তার কয়েক বন্ধুকে ডেকে এনে প্রিন্সকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। স্থানীয়রা প্রিন্সকে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতাল ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

শালিখা থানার ওসি বিশারুল ইসলাম জানান, সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।