মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

মাদারীপুর সদরে মাদক উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। এ সময় ডিবি পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পেয়ারপুর ইউনিয়নের উত্তরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে পেয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সবুর খানসহ চারজনকে আটক করেছে।

মাদারীপুর ডিবি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পেয়ারপুর ইউনিয়নের উত্তরকান্দি এলাকায় ইউপি সদস্য সবুর খান তার বাড়ির পাশের ঘরে ইয়াবার একটি বড় চালান রেখেছেনÑ এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সবুর খানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সবুর খান স্থানীয়দের সঙ্গে নিয়ে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে পুলিশের তিন সদস্যের ওপর হামলা চালায় এবং তাদের আটকে রেখে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ডিবি পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং অভিযান চালিয়ে সবুর খানসহ চারজনকে আটক করে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আল-মামুন বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হচ্ছে।’