শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক বরখাস্ত

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক এক ছাত্রীর শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় এলাকাবাসীর হাতে লাঞ্ছিত হয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক। পরে ঘটনা সামাল দিতে গতকাল বৃহস্পতিবার প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।

জানা যায়, বিদ্যালয় চলাকালীন গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক কমর উদ্দিন এক শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টা করেন। পরদিন বুধবার ওই ছাত্রীর বাবাসহ এলাকাবাসী শিক্ষক কমর উদ্দিনের বিচার চান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলামের কাছে। কিন্তু প্রধান শিক্ষক ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন। ফলে এলাকাবাসী উত্তেজিত হয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পুনরায় স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেন। পরিস্থিতি সামাল দিতে প্রধান শিক্ষক শিক্ষক কমর উদ্দিনকে ছয় মাসের জন্য বরখাস্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রধান শিক্ষক আজিজুল ইসলাম বলেন, শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী ভুল বুঝে শার্টের কলার ধরে আমাকে লাঞ্ছিত করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক কমর উদ্দিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। 

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদর থানার ওসি আবদুর রউপ বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি।