পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও মোট সম্পদ (এনএভি) বেড়েছে। ২০২২ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকের ইপিএস ১১২ শতাংশ বা দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৮৯ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ৪২ পয়সা। আলোচ্য সময়ে এককভাবে ব্যাংকটির ইপিএস ৩৯ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭৬ পয়সা। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এনআরবিসি ব্যাংক জানিয়েছে, চলতি বছরের মার্চ শেষে সমন্বিত হিসেবে ব্যাংকটির ব্যালান্সশিটের আকার দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৬০ কোটি টাকা, যা গত বছরের মার্চে ছিল ১৬ হাজার ২৫১ কোটি টাকা। এছাড়া সমন্বিতভাবে চলতি বছরের মার্চে ব্যাংকটির মোট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ২৬৩ কোটি ৯৬ লাখ টাকা। গত বছরের ডিসেম্বরে যা ছিল ১ হাজার ১৯৮ কোটি ৯৭ লাখ টাকা।
এছাড়া চলতি প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১৪ পয়সায়। এটি গত বছরের ডিসেম্বরে ছিল ১৬ টাকা ২৫ পয়সা।
২০১৩ সালে যাত্রা শুরু করা এনআরবিসি ব্যাংক ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চলে সেবা কার্যক্রম ছড়িয়ে দিতে ব্যাংকটি ইতিমধ্যে ৯৩টি শাখা এবং ৬৫০টি উপশাখা চালু করেছে।