আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশে ভোজ্য তেলের দাম বাড়ানোর সাত দিন পরও বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দাম বাড়ানোর জন্য ঈদের আগে থেকেই এক ধরনের পাঁয়তারা চলছিল। দাম বাড়ানোর পর মজুদ করা আগের দামের তেল এখন বাজারে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও বোতলজাত তেল খুলে বেশি দামে বিক্রি করা হচ্ছে।
এমন অবস্থায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে অভিযান চালাচ্ছে। এ অভিযানে গতকাল বৃহস্পতিবার ও আগের দিন বুধবার ১২ জেলায় মজুদ করে রাখা ২ লাখ ৯৭ হাজার ৮৯৯ লিটার সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়। জরিমানা করা হয় ১১ লাখ ২৩ হাজার টাকা।
গত তিন দিনে প্রায় সাড়ে পাঁচ লাখ লিটার তেল জব্দ করা হয়েছে। ব্যবসায়ীদের জরিমানা করার পাশাপাশি জব্দ করা তেল আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান, তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন তেল ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম অয়েল মজুদ পেয়েছে। এ সময় ওই তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সকাল সোয়া ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত চলে অভিযান। অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।
র্যাব-৬ সূত্র জানায়, সকাল ১০টার দিকে সাহা ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে ৩১ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল ও ৬৩ হাজার ৩০০ লিটার পাম অয়েল মজুদ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দিলীপ কুমার সাহাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর সোনালী এন্টারপ্রাইজের গুদামে গিয়ে ২৬ হাজার ৭৮০ লিটার সয়াবিন তেল ও ৩১ হাজার ৮০০ লিটার পাম অয়েল পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মালিক প্রদীপ সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে রণজিত বিশ্বাস অ্যান্ড সন্সের গুদামে ৯ হাজার ৫৮০ লিটার সয়াবিন তেল ও ৫৯ হাজার ৫৬০ লিটার পাম অয়েল মজুদের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-৬-এর কর্মকর্তা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম সাংবাদিকদের জানান, কৃষি বিপণন মজুদ আইন অনুযায়ী ৩০ মেট্রিক টনের বেশি তেল মজুদ করার সুযোগ নেই।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গা থানাধীন সলঙ্গা বাজারের দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৭ হাজার লিটার পাম অয়েল ও ২০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া সয়াবিন তেল বেশি দামে বিক্রি ও মজুদ রাখার দায়ে ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান দুটি হচ্ছে রাজলক্ষ্মী বাণিজ্য ভা-ার ও দুলাল চন্দ্র কু-ু স্টোর। এছাড়া বুধবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতি বাজারের রায়হান স্টোরে অভিযান চালিয়ে দুই হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নাটোর প্রতিনিধি জানান, বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নাটোর সদর ও বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। তেল মজুদের অভিযোগে ছয় দোকানের মালিককে ১ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে নাটোর শহরের কু-ু সাহা স্টোর, সোনালী স্টোর, মেসার্স লিটন স্টোর, স্টেশন বাজারের নিউ বেঙ্গল ট্রেডার্স, বড়াইগ্রামের মৌখাড়া বাজারের মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোর ও আল মামুন স্টোর। র্যাব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নীলফামারী প্রতিনিধি জানান, গতকাল দুপুরে কিশোরগঞ্জ উপজেলার ভেতর বাজারে হারুন স্টোরের গুদামে অভিযান চালিয়ে ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল উদ্ধার ও জরিমানা আদায় করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। দোকানটির মালিক বুলবুল আহমেদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মজুদ তেল ভোক্তাদের মধ্যে আগামী দুদিনের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করার নির্দেশ দেয় ভোক্তা অধিদপ্তর।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, পৌরসভার বটতলাহাট এলাকার মেসার্স কাজল স্টোর নামে একটি মুদি দোকানের গুদাম থেকে গতকাল সাড়ে চার হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উসমান গনি জানান, কাজল স্টোরের স্বত্বাধিকারী কাজলকে তেল মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জারিমানা করা হয়।
মাদারীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার তাঁতিবাড়ি বাজারে অভিযান চালিয়ে এক ডিলারের সঙ্গে থাকা ৯৭২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার। ওই ডিলার বিল্লাল সরদারকে আটকের পর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মাদারীপুর পৌরসভা এলাকার সিফাত এন্টারপ্রাইজের ডিলার ব্যবস্থাপক বিল্লাল সরদার তাঁতিবাড়ি এলাকার খুচরা বাজারের দোকানদারদের কাছে সয়াবিন তেল পাইকারি বিক্রি করতে যান। তিনি ৭৬০ টাকার পাঁচ লিটারের সয়াবিন তেলের দাম ৯৩০ টাকায় বিক্রি করতে গেলে দোকানদারের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। পরে দোকানিরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে খবর দেন।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, গতকাল দুপুরে উপজেলা সদরে মেসার্স আবদুল কুদ্দুস ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ২১৬ লিটার তেল জব্দ করা হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, গতকাল কালীগঞ্জ উপজেলা শহরের বিহারী মোড় এলাকায় আর এস অয়েল মিলসে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মিলের গুদামে ২০৬ ড্রাম সয়াবিন ও পাম অয়েল মজুদ পাওয়া গেছে। এর মধ্যে ১০৫টি ড্রামের কাগজপত্র দেখাতে পেরেছেন ওই ব্যবসায়ী। বাকি ১০১টি ড্রামের কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ও বিক্রয় মূল্য প্রদর্শন না করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল প্রতিনিধি জানান, খুচরা বিক্রয় মূল্য মুছে ফেলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয় করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে উদ্ধার করা হয় ৬১৫ লিটার ও গৌরনদীর বাটাজোর বাজারে পাওয়া যায় ১ হাজার ২৩০ লিটার তেল। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি হচ্ছে মেসার্স মিঠুন স্টোর ও মেসার্স জনপ্রিয় স্টোর। এছাড়া আরও কয়েকটি দোকানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ফেনী প্রতিনিধি জানান, শহরের পৌর হকার্স মার্কেটের আলম ব্রাদার্সের গুদাম থেকে আটটি কার্টনে ১৬০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে বড় বাজারের ইসলামপুর রোডের ভূঁইয়া ব্রাদার্সের গুদাম থেকে পাওয়া যায় ৭৬৮ লিটার তেল। পরে প্রতিষ্ঠানের মালিক ফখরুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, সদরের নিজাম স্টোরের গুদাম থেকে ৩ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জেলা প্রশাসন। প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন অভিযান পরিচালনাকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কেএম ইয়াসির আরাফাত।
চট্টগ্রাম ব্যুরো জানায়, পাঁচ লিটারের বোতলজাত ভোজ্য তেল বিক্রি না করে গুদামে লুকিয়ে রেখে বাড়তি দামে খোলা তেল বলে বিক্রির দায়ে চট্টগ্রামের বিসমিল্লাহ্ স্টোর নামে এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের দুটি গুদাম সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল নগরের ছোটপুল এলাকায় এ অভিযানে ওই দোকান থেকে ৫১৫ লিটার তেল উদ্ধার করা হয়।