টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মো. জাহিদুল ইসলাম (৩১) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা পৌর এলাকার চরভাবলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (এসআই) মো. লিটন জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় নিহত জাহিদুল টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি সড়ক ও জনপথ বিভাগে চাকরি করতেন। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত
মহাসড়কের কাজ দেখাশোনার দায়িত্ব ছিল তার। বৃহস্পতিবার সকালে বগুড়া থেকে টাঙ্গাইলের দিকে মোটরসাইকেলে করে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিন সড়ক দুর্ঘটনায় ঢাকা, কুড়িগ্রাম, ফরিদুপরের ভাঙ্গায় ও ঠাকুরগাঁওয়ে আরও চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, রাজধানীতে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম মুন্না (২৮)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টায় মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সংবাদদাতা জানান, কুড়িগ্রামের রাজারহাটে ট্রাকচাপায় হাবিবুর রহমান (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নাজিমখান-রাজারহাট সড়কের নাজিম খান বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান নীলফামারী জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি অপসোনিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রাজারহাট উপজেলায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
রাজারহাট থানার ওসি রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজারহাট-নাজিম খান সড়কের নাজিম খান বাজারের কাছে একটি মোটরসাইকেল আরোহী ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্র সংলগ্ন নওয়াপাড়া নামক স্থানে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সোহেল বিশ্বাস (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি জেলার সদরপুর উপজেলার সাড়ে সাতরশি গ্রামের আলমগীর বিশ^াসের ছেলে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ইটভর্তি ট্রলি ও বাইসাইকেলের সংঘর্ষে বিশাল চন্দ্র রায় (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নেকমরদ-কাতিহার সড়কের ফুটানি টাউন বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশাল উপজেলার বাচোর ইউনিয়নের হরেন চন্দ্র রায়ের ছেলে।