কালকিনিতে মারধরের মামলায় কাউন্সিলর গ্রেপ্তার

কালকিনিতে পুলিশের সামনে প্রতিবেশী একটি পরিবারের লোকজনকে মারধর ও হামলার অভিযোগে থানায় মামলা হওয়ার পর পুলিশ ওই মামলার প্রধান আসামি পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার নয়াকান্দি থেকে গ্রেপ্তার করা হয় পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারীকে।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে পৌর এলাকার নয়াকান্দির ঝন্টু মন্ডলের পরিবারের ওপর হামলা চালায় কাউন্সিলর আনোয়ার বেপারীর পরিবার। এ হামলার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে এতে দেখা যায় কাউন্সিলর আনোয়ার হোসেন, তার স্ত্রী রিক্তা বেগম ও তার ছেলেসহ বেশ কয়েকজন মিলে এই হামলা চালায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কাউন্সিলরের স্ত্রী রিক্তা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিচ্ছেন। এসময় থানার পুলিশ ও কাউন্সিলর আনোয়ার পাশে দাঁড়িয়েছিলেন। ঝণ্টুর ছেলে উজ্জ্বল এ সময় মুঠোফোন বের করে ভিডিও করতে গেলে কাউন্সিলর আনোয়ার উজ্জ্বলের ফোন কেড়ে নিয়ে তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে এবং ইট দিয়ে উজ্জ্বলের মাথা ফাটিয়ে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী ঝণ্টু মন্ডল বাদী হয়ে কাউন্সিলর আনোয়ার হোসেনসহ তার ছেলে রিফাত ব্যাপারী ও ভাতিজা সাব্বির ব্যাপারীকে আসামি করে গত বৃহস্পতিবার রাতে কালকিনি থানায় একটি মামলা করেন।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।