পটুয়াখালীর গলাচিপায় টাকা চুরির অপবাদে গাছের সঙ্গে শিকলে বেঁধে মুন্না (১৬) নামে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন ওই কিশোরের স্বজনরা। তারা বলছেন, টানা তিন দিন (৯ থেকে ১১ মে) দফায় দফায় মারধরের পর থেকে ওই কিশোর নিখোঁজ রয়েছে। সে একই এলাকার শাহজাহান কমান্ডারের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই কিশোরকে নির্যাতনের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, কিশোর মুন্নাকে একটি গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। বোয়ালিয়া এলাকার হজরত আলী নামে এক ব্যক্তি তাকে মারধর করছেন। আশপাশের লোকজন দাঁড়িয়ে তা দেখছে। মারধরে মুন্নার শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা গেছে।
মুন্নার মা হাসিনা বেগম জানান, তারা ঢাকায় থাকেন। মুন্না বাড়িতে থাকত। ৮৫ হাজার টাকা চুরির অপবাদে তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছেÑ এমন খবর পেয়ে তারা বাড়িতে আসেন। ৯-১১ মে মধ্যরাত পর্যন্ত হজরত আলী, ফেরদৌস, মমতাজ ও তানিয়া দফায় দফায় তাকে অমানবিক নির্যাতন করেছেন। এরপর থেকে তার ছেলেকে খুঁজে পাচ্ছেন না তারা।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ঘটনার পর ওই কিশোর কৌশলে মোটরসাইকেলযোগে পালিয়ে গেছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।