দিনাজপুরে ফখরুল

নেতাকর্মীদের টাকা পাচারের কথা স্বীকার করেছেন কাদের

বিদেশে অর্থ পাচারে আওয়ামী লীগ নেতাদের জড়িত থাকার কথা দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বীকার করেছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার দুপুরে দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে গত বৃহস্পতিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যে সকল নেতারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছেন তাদের আওয়ামী লীগে জায়গা হবে না।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে উদ্দেশ করে গতকাল মির্জা ফখরুল বলেন, ‘আপনি (ওবায়দুল কাদের) নিজেই স্বীকার করেছেন আওয়ামী লীগের নেতারা দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করেছেন। আজ আপনাদের দুর্নীতির সীমা এতটাই বেড়ে গেছে যে র‌্যাবের মতো একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্থগিতাদেশ দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ দেশকে একটা কঠিন ক্রান্তিকাল অতিক্রম করতে হচ্ছে। এ অবস্থায় দেশের জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে আসবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।’

দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘একই সাথে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলেই দেশে জনগণের সরকার আসবে।’

মির্জা ফখরুল বলেন, ‘একাত্তর সালে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তির দেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু আজ আওয়ামী লীগের কার্যক্রমে আমরা হতাশ হয়ে পড়ছি। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের কথা বললেও বাস্তবে তারা স্বাধীনতাবিরোধী কাজ করছে। পঁচাত্তর সালের মতো এখনো সরকার গণতন্ত্রকে হত্যা করছে। যে কারণে বর্তমানে বাংলাদেশ স্বৈরাচার রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এখন টেলিভিশন, পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যম দেখলে শুধু হত্যা, ধর্ষণ, রাহাজানির খবর ছাড়া কিছুই দেখা যায় না।’

দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে বক্তব্য দেন।