ছেলের লাঠির আঘাতে আহত হয়ে বাবার মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় বখাটে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার ২৩ দিন পর বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেকে গ্রেপ্তার করে রবিবার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে শনিবার রাতে আহত তসিদ আলী (৬৫) মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে পারিবারিক কলহের জের ধরে তসিদ আলীকে মারধর করে তার বখাটে ছেলে রকিব হাসান। মারধরের ঘটনায় তসিদ আলী থানায় মামলা দায়ের করতে চাইলে বখাটে রকিব লাঠি দিয়ে তার বাবা তসিদ আলীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসা করাতে চাইলে সেখানেও বখাটে ছেলে বাধা দেয়। আহত অবস্থায় বাড়িতে থাকতে থাকতে শনিবার রাতে তসিদ আলী মারা যান।

ওসি বিনয় ভূষণ রায় বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।