পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন, তাকে হত্যার চেষ্টা চলছে। গত শনিবার পাকিস্তানের বৃহত্তম পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে পিটিআইয়ের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ দাবি করেছেন। সমর্থকদের উদ্দেশে ইমরান খান বলেন, ‘যারা এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের সবার নাম আমি একটি ভিডিওতে সংরক্ষণ করে রেখেছি। আমি এটি সম্পর্কে আগেই জেনেছি এবং কয়েক দিন আগে এ বিষয়ে পুরোপুরি জানতে পেরেছি।’ নতুন নির্বাচনের দাবিতে দেশজুড়ে দলীয় সমাবেশ করে আসছেন ইমরান। আজাদি মার্চ নামে রাজধানী ইসলামাবাদে জনসমাবেশের ঘোষণা দিয়েছেন তিনি। ভিডিও কেন রেকর্ড করেছেন সেই ব্যাখ্যায় ইমরান খান বলেন, ‘আমার সঙ্গে যদি কিছু ঘটে যায়, তাহলে এ ঘটনার সঙ্গে দেশের ভেতরে এবং দেশের বাইরে কারা জড়িত তা পাকিস্তানিরা যেন জানতে পারে।’