সিএমএসএফ তহবিল থেকে ২০০ কোটি টাকা বিনিয়োগ

পুঁজিবাজারে স্থিতিশীলকরণ তহবিল (সিএমএসএফ) গঠনের এক বছরে মাত্র ৭৯৮ কোটি টাকার নগদ অর্থ ও শেয়ার তহবিলে হস্তান্তর হয়েছে। এর মধ্যে বিভিন্ন কোম্পানির অবণ্টিত নগদ লভ্যাংশ বাবদ ৪৬০ কোটি টাকা হস্তান্তর হয়েছে। নগদ লভ্যাংশের এ অর্থ থেকে পুঁজিবাজারে এখন পর্যন্ত ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সিএমএসএফের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট কমিটি (এএএমসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর বাইরে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবণ্টিত বা অদাবিকৃত যে বোনাস শেয়ার হস্তান্তর করেছে বাজারমূল্যে তার দাম ছিল ৩৩৮ কোটি টাকা। এ শেয়ার পুঁজিবাজারের কোনো কাজে লাগানো হয়নি। কারণ এ তহবিলে হস্তান্তর করা শেয়ার কীভাবে কাজে লাগানো হবে, সে বিষয়ে কোনো নীতিমালা তৈরি হয়নি।

এএএমসি কমিটি জানিয়েছে, বাজারে পতন ঠেকাতে এ তহবিল থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ১৫০ কোটি টাকার শেয়ার কেনা হয়েছে বলে জানিয়েছে অডিট কমিটি। এর বাইরে ১০০ কোটি টাকা আকারের আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড নামে একটি মেয়াদি মিউচুয়াল ফান্ডে সিএমএসএফ ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে।