নীলফামারীতে ঝড়ে পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ঝড়ে অর্ধ সহস্রাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। গত শনিবার মধ্যরাতে উপজেলার চাঁদখানা ও বাহাগিলি ইউনিয়নের ওপর দিয়ে ওই ঝড় বয়ে যায়। ৮ আট থেকে ১০ মিনিটের ঝড়ে পাঁচ শতাধিক কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। পাশাপাশি জমিতে থাকা পাকা ধান, ভুট্টা ও মরিচ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলার চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা সরঞ্জাবাড়ী ও বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি কারবালার ডাঙ্গা ও নগরবন গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায় বলে জানান এলাকাবাসী।

নগরবন গ্রামের আমীর আলী (৪০) জানান, মাত্র ১০ মিনিটের ঝড়ে অসংখ্য আধা পাকা ও কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে ও উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা।

বাহাগিলি ইউনিয়নের কারবালার ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের রুবেল হোসেন (৪৫) ও আমেনা বেগম (৪০) বলেন, ঝড়ে আশ্রয়ণ প্রকল্পের আধা পাকা একটি ঘরের চাল উড়ে যায়। এ সময় সাত থেকে আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী বললেন, শনিবার রাতের ওই ঝড়ে পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতি নিরূপণে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ে আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ঘর সরকারি খরচে মেরামত করা হবে।