সয়াবিন তেলসহ নিত্যপণ্য নিয়ে আজ সোমবার টিসিবির ট্রাক থেকে নামার কথা থাকলেও তা নামছে না। টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ডে পণ্য বিপণনের প্রস্তুতির জন্য এই মাসে ট্রাক সেল হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ বাস্তবায়নের জন্য চলতি মাসের ১৬ থেকে ৩০ মে পর্যন্ত স্বল্প পরিসরে সাধারণ ট্রাকসেল কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামী জুন মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের পরিবারকে টিসিবি ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, মশুর ডাল, চিনি দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং বরিশাল সিটি করপোরেশনে ফ্যামিলি কার্ড প্রণয়ন ও বিতরণ কার্যক্রম চলমান বেড়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর থেকে শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবির পণ্যসামগ্রী বিক্রি হবে। টিসিবির ট্রাক সেলে ১১০ টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বিক্রির কথা ছিল, যেখানে বাজারে দাম ২০০ টাকার কাছাকাছি। এ ছাড়া টিসিবির ট্রাকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ টাকা এবং ছোলা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছিল।