স্কুলে খেলার সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় প্রাণ গেল শিশুর

স্কুলের সামনে সহপাঠীদের সঙ্গে খেলা করতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে হামিম (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে বরিশালের মুলাদী উপজেলা পৌর শহরের পল্লী বিদ্যুৎ নামক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম উপজেলার চর লক্ষ্মীপুর নন্দিবাজার এলাকার বাসিন্দা ও মুলাদী শহরের মুদী মালামাল ব্যবসায়ী গিয়াস উদ্দিনের ছেলে। সে মুলাদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও সাইদুর রহমান মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, হামিম ক্লাস শেষে মুলাদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বন্ধুদের সঙ্গে খেলা করছিল।

সেখানে দৌড়াতে গিয়ে দুর্ঘটনাবশত রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়।

তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় হৃদয় নামের এক যুবক অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি মুলাদী থানা-পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ তাদের হেফাজতে নেয়।

মুলাদী থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি দুর্ঘটনা। স্বজনদের সঙ্গে কথা বলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।