ম্যাথিউসের দ্বিশতক কেড়ে লঙ্কানদের ৩৯৭ রানে থামালেন নাঈম

দুর্ভাগ্যই বলতে হবে অ্যাঞ্জেলো ম্যাথিউসের। মাত্র এক রানের জন্য টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো দ্বিশতকের দেখা পেলেন না শ্রীলঙ্কান অলরাউন্ডার।

ইনিংসের ১৫৩তম ওভারের শেষ বলে নাঈম হাসানের ঘূর্ণিতে সাকিব আল হাসানের হাতে বন্দী হন ম্যাথিউস। তার ৩৯৭ বলে ১৯৯ রানের ইনিংসটি সাজানো ছিল ১৯ চার ও ১ ছয়ে।

ম্যাথিউসের বিদায়ের সঙ্গে সঙ্গে ৩৯৭ রানে থামে লঙ্কানদের প্রথম ইনিংস। লঙ্কান অলরাউন্ডারের স্বপ্ন কেড়ে নেওয়ার আগে আশিথা ফার্নান্দোকে (১) বোল্ড করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ‘ফাইফার’ নেন নাঈম।

সফরকারীদের প্রথম ইনিংসের ১০ উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনররা। তার মধ্যে নাঈমের শিকার সর্বোচ্চ ৬ উইকেট। ১৫ মাস পর দলে ফিরেই জ্বললেন তিনি।

‘রিটায়ার্ট-হার্ট’ হওয়ায় তৃতীয় সেশনে নামেননি বিশ্ব ফার্নান্দো (১৭*)। তার বদলে ব্যাটিংয়ে আসেন আশিথা। কিন্তু তিনি ফেরার পর ম্যাথিউসকে ডাবল সেঞ্চুরি করতে সহায়তার জন্য নামেন বিশ্ব। দ্বিশতকের জন্য ম্যাথিউসের তখন দরকার ছিল ৮ রান। 

এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনে দিনেশ চান্দিমালকে (৬৬) থামান নাঈম। উইকেটরক্ষক নিরোশান দিকভেলাকেও (৩) বোল্ড করেন তিনি। দ্বিতীয় সেশনের শুরুতেই রমেশ মেন্ডিস (১) ও লাসিথ এম্বুলদেনিয়াকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন সাকিব। তবে তার সেই স্বপ্ন পূরণ হয়েনি। 

লঙ্কানদের হয়ে দ্বিতীয় দিন শুরু করেন ম্যাথিউস ও চান্দিমাল। সফরকারীরা প্রথম দিনে করেছিল ৪ উইকেটে ২৫৮ রান। আগেরদিন টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি উদযাপন করা ম্যাথিউস ব্যাটিংয়ে নামেন ১১৪ রান নিয়ে।