শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

ঝিনাইদহ সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক মৎস্যচাষির পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। গতকাল সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে মাছগুলো মরে ভেসে উঠতে দেখেন ওই মৎস্যচাষি।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি বাবুল মন্ডল জানান, তার বাড়ির পাশের পুকুরে তিনি মাছ চাষ করে আসছেন। পুকুরে তিনি ৮ মাস আগে বিভিন্ন জাতের ৫ মণ মাছের পোনা ছাড়েন। কিছু দিনের মধ্যে মাছগুলো বিক্রি করার আশা করছিলেন তিনি। সোমবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে মাছগুলো ভেসে উঠতে দেখেন। দুপুর পর্যন্ত পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবি।

তিনি অভিযোগ করে বলেন, ‘বেশ কয়েক দিন ধরে প্রতিবেশী ছমির মোল্লার সঙ্গে আমার বিরোধ চলে আসছিল। আমার সন্দেহ সে ও তার লোকজন আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিয়েছে।’

অভিযোগ অস্বীকার করে ছমির মোল্লা বলেন, ‘আমরা এই কাজ করিনি।’ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’