বাংলাদেশে চলমান বিভিন্ন মেগা প্রকল্পে বিশ্বব্যাংকসহ বিভিন্ন ঋণদানকারী সংস্থার ভিন্ন ভিন্ন সুদহারে বিনিয়োগ রয়েছে, যেগুলোর গ্যারান্টার সরকার। তবে এবার শুধু মেগা প্রকল্পে নয়, বেসরকারি খাতেও কম সুদে বিনিয়োগে আগ্রহী বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ‘মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি’র (মিগা) ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমদ গতকাল পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে বিদ্যুৎ খাতে যে বিনিয়োগ এসেছে তার ১০ শতাংশ এসেছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ‘মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি’র (মিগা) মাধ্যমে। বিশ্বব্যাপী বড় বড় ঋণের গ্যারান্টার হয় এই বহুপক্ষীয় বিনিয়োগ গ্যারান্টি সংস্থা। এখন বড় বড় বিনিয়োগ বা ঋণ পেতে বেসরকারি খাতকে সরকারের দিকে চেয়ে থাকতে হবে না মিগা গ্যারান্টার হবে।
জুনায়েদ কামাল আহমদ বলেন, মিগা’র দায়িত্ব বাজার থেকে যে টাকা আসবে সেটার কীভাবে মেয়াদ বৃদ্ধি করা যায়, কীভাবে সুদ কমানো যায় সেটা দেখার। দেশে পানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি করার দায়িত্ব নেবে মিগা। বাংলাদেশ লো ইনকাম থেকে লো মিডিল ইনকামে যাচ্ছে। আমার বিশ্বাস ভবিষ্যতে মিগা বাংলাদেশে কাজ করতে পারবে। ইতিমধেই বিদ্যুতে ১০ শতাংশ বিনিয়োগ নিয়ে এসেছে মিগা। আগে সরকার গ্যারান্টি দিত এখন এই দায়িত্ব নেবে মিগা।
তিনি আরও বলেন, মিগা’র গ্যারান্টারে দেশে আরও বিনিয়োগ বাড়াবো। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দ্রুত অর্থনৈতিক গতির দেশ বাংলাদেশ। পার্টনারশিপ হিসেবে বাংলাদেশের উন্নয়নে এগিয়ে আসবে মিগা। বর্তমানে বিদ্যুৎ ও সারে বিনিয়োগ নিয়ে আসছি। বিশেষ করে পানি, রেল ও সড়কসহ বিভিন্ন অবকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে আসব। অর্থনৈতিক অঞ্চলে সরাসরি বৈদেশিক বিনিয়োগ নিয়ে আসব।
পরিকল্পনামন্ত্রী বলেন, জুনায়েদ কামাল আহমদ আমাদের মাটির সন্তান। বিশ্বব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট। মিগা নিজেরাই ঝুঁকি নিয়ে বাংলাদেশে ঋণ নিয়ে আসবে। বেসরকারি খাত, পানি উন্নয়ন, রেল, বিদ্যুৎ, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের গ্যারান্টার হতে আগ্রহী সংস্থাটি। সরকারকে আলাদাভাবে কোনো গ্যারান্টি দিতে হবে না, তবে সরকারকে জানিয়ে তারা বড় বড় বিনিয়োগ নিয়ে আসবে। এতে করে বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে।’
তিনি বলেন, পশ্চিমা অনেক ঋণদানকারী সংস্থা আছে যাদের বাংলাদেশ সম্পর্কে ধারণা নেই। তাদের বাংলাদেশ বিষয়ে আরও পরিচিত করাবে মিগা।