আখাউড়ায় বৃষ্টির পানিতে ডুবেছে সড়ক, পানিবন্দি অর্ধশত পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির পানি রাস্তাসহ বাড়ির আশপাশে জমে থাকায় গত শুক্রবার থেকে পানিবন্দি হয়ে আছে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মসজিদপাড়ার অর্ধশতাধিক পরিবার। সামান্য বৃষ্টিতে প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসী অভিযোগ করেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করার কারণেও হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গত মঙ্গলবার দুপুরে সরেজমিন আখাউড়া পৌর এলাকার বাইপাসসংলগ্ন পূর্ব মসজিদপাড়ায় দেখা যায়, বিশাল একটি খালি জায়গায় পানি আর পানি। এর ঠিক উল্টো দিকেই বেশ কিছু বাড়ি। একটি বাড়ি থেকে এক নারী পানি ভেঙে এসে তাদের দুর্ভোগের কথা জানান। এছাড়া গতকালও বৃষ্টির পানিতে তলিয়ে ছিল আখাউড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক। এর মধ্যে সড়ক বাজার, মসজিদপাড়া এলাকা, খড়মপুর এলাকায় হাঁটুসমান পানি ছিল। ঘণ্টা দুয়েক এলাকাগুলোতে যানবাহন চলাচল বন্ধ ছিল। একই সময়ে বিদ্যুৎ না থাকায় মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।

পূর্ব মসজিদপাড়ার কাসেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া আজগর আলীর স্ত্রী তাসলিমা আক্তার বলেন, ‘প্রায় ১৪ বছর ধরে এখানে থাকি। এবার বৃষ্টির মৌসুমের শুরুতেই আমরা দুর্ভোগের মধ্যে পড়েছি। বাড়ি থেকে বের হওয়ার দুটি পথেই পানি আর পানি। মূলত যে পথ দিয়ে পানি বের হতো সেখানে একটি জায়গার মালিক মাটি ফেলে পাইপের মুখ বন্ধ করে দিয়েছেন।’

আখাউড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম এমরান কিছু পরিবার পানিবন্দি থাকা ও সড়কে পানি জমে থাকার বিষয়টি স্বীকার করে জানান, গত রবিবার দিনভর এ নিয়ে কাজ করেছেন। পূর্ব মসজিদপাড়ায় মাটি কেটে ছোট ছোট ড্রেন করা হয়েছে। স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।