স্বামী হত্যায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদন্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌরসভা এলাকার বাড়াবিল উত্তরপাড়া গ্রামের মনিরুল হক (২৪) হত্যায় স্ত্রী মুক্তি খাতুন (১৯) ও পরকীয়া প্রেমিক সাইদুল ইসলামকে (২২) মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে-খোদা মো. নাজির এ রায় প্রদান করেন। আদালতের পিপি অ্যাডভোকেট আবদুর রহমান রানা এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের এপ্রিল মাসে মনিরুল হকের সঙ্গে শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তার শেখের মেয়ে মুক্তি খাতুনের বিয়ে হয়। বিয়ের আগে থেকে মুক্তির সঙ্গে একই গ্রামের সাইদুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও তারা এ সম্পর্ক অব্যাহত রাখে। এর জের ধরে বিয়ের দুই মাস পর ২০১৯ সালের ৩ জুন রাতে মুক্তি ও সাইদুল মিলে মনিরুলকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের বাবা জেলহক প্রামাণিক বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন।