অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় একটি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় দলটি হতে পারে পাকিস্তান। এছাড়া বিশ্বকাপের আগে ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়া বিশ্বকাপ আয়োজক অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বিগ ব্যাশ দল ওয়েস্টএন্ড রেডব্যাক্সের সঙ্গে কয়েকটি ম্যাচ খেলার চেষ্টা চলছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার এই দলটির সঙ্গে বাংলাদেশের কোচ জেমি সিডন্স কোচ হিসেবে যুক্ত ছিলেন। উইন্ডিজ সিরিজ থেকে বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে বাংলাদেশের। জুনের এই সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডের পাশাপাশি থাকবে ৩ টি-টোয়েন্টিও। এই সিরিজের টি-টোয়েন্টি দলকেই ভাবা হচ্ছে বিশ্বকাপের চূড়ান্ত বাছাই। এখান থেকেই সেরা ১৫ জন থাকবেন বিশ্বকাপ দলে।