বঙ্গবন্ধু টানেলের টোল আদায় করবে চীনা কোম্পানি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মাণাধীন ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’র রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠান চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানিকে (সিসিসিসি)। গতকাল বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় দায়িত্ব দেওয়ার একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, এ ছাড়া বৈঠকে ইতিপূর্বে অনুমোদিত তিনটি প্রস্তাবের ভেরিয়েশনসহ  ৮টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৪১০ কোটি ৬১ লাখ টাকা।

তিনি জানান, বৈঠকে পেট্রোবাংলাকে স্পট মার্কেট থেকে এলএনজি কার্গো আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ ভর্তি এই কার্গো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৯০৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) ৮৩৫ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে ৩০ লাখ ৪৫ হাজার ৯০৯ সেট নম্বর প্লেট ও সমসংখ্যক আরএফআইডি ট্যাগ, প্রতিস্থাপনযোগ্য ১ লাখ ১০ হাজার ৫২২ ইউনিট নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ এবং ৪০ লাখ ৩৫ হাজার ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে পাঁচ বছর মেয়াদি চুক্তির আওতায় এগুলো সরবরাহ করবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন মরক্কোর ওসিপি, এসএ থেকে পঞ্চম লটে ৪০৭ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরবরাহ করতে না পারায় বেলারুশ ও রাশিয়ার বদলে এবার মরক্কো থেকে সার কিনল সরকার।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের জন্য ‘মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ’ প্রকল্পের আওতায় একটি পাইলট মাদার ভেসেল এবং সহায়ক যন্ত্রপাতি ও সেবা ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ১৮৬ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে কেনা হবে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে।

এ ছাড়া ‘মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’ প্রকল্পের (প্যাকেজ নং-জি ১, লট-২) আওতায় ‘সেলফ-প্রপেলড ব্যারেজ, সার্ভিস টাগ বোট, পন্টুন উইথ মুরিং গিয়ার অ্যান্ড ডাম্ব ব্যারেজ’ ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ৪০ কোটি ৯০ লাখ টাকার এ কাজটি পেয়েছে ‘রেডিয়েন্ট শিপইয়ার্ড লিমিটেড’। অতিরিক্ত সচিব জানান, নৌ পরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেইফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম’ প্রকল্পের পরামর্শক সেবার ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় বাড়ছে ১০ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার টাকা। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হচ্ছে ‘এএনএসই টেকনোলজিস’।