বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞায় কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারাও

রিজার্ভের ওপর চাপ কমাতে ও চলমান ডলার সংকট নিরসনের জন্য নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের জন্য জারি করা সব আদেশ বাতিল করেছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ এক নির্দেশনায় এ তথ্য তুলে ধরা হয়েছে।

অভ্যন্তরীণ ওই নির্দেশনায় অবশ্য নিজস্ব অর্থায়নে চিকিৎসা ও হজ পালনের জন্য বিদেশে ভ্রমণ করা যাবে বলে জানানো হয়েছে। এই নির্দেশনার ফলে নতুন করে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে ও আংশিক অর্থায়নে বিদেশ ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ হয়ে গেল।

এর আগে গত সোমবার সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।