জ্বালানিসহ বেশ কয়েকটি খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় সুইডেন ও সিঙ্গাপুর। বাংলাদেশে ওই দুই দেশের রাষ্ট্রদূত গতকাল বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সচিবালয়ে দেখা করে এ প্রস্তাব দিয়েছেন।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়। সুইডেনের কোম্পানি এইচএন্ডএমের গ্লোবাল হেড ইউসুফ ইল নাটুর জলবায়ু পরিবর্তন, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, সবুজ রূপান্তর ও রিসাইক্লিনিং বিষয়ে আলোচনা করেন।
নসরুল হামিদ বলেন, বাংলাদেশ ক্লিন এনার্জির প্রসারে কাজ করছে। কার্বন নিঃসরণ কমাতে বাংলাদেশ খুবই কম করে অথচ ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। এইচএন্ডএম ও সুইডেন সরকার এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ বা স্রেডার সঙ্গে সমন্বয় করে এখানে নবায়নযোগ্য জ্বালানির প্রসার আরও বেগবান করতে পারে।
আলোচনায় পরিবেশবান্ধব জ্বালানি এবং সংশ্লিষ্ট খাতে কারিগরি ও প্রযুক্তি সহায়তা নিয়েও কথা হয়।
এদিকে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরক লোহ বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তিসহ কয়েকটি খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে নসরুল হামিদ বলেন, অর্থনৈতিক উন্নয়নে বিস্ময়কর সাফল্যের পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ, জ্বালানি, শিক্ষা এবং প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সমন্বয় করে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। এতে উভয় দেশই উপকৃত হবে।