জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) উল্লিখিত বয়স সংশোধনের জন্য ৩০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসের এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। এ ঘটনায় গত বুধবার খাজা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি নতুনপাড়ার বাসিন্দা আবদুল আলিমের ছেলে মিঠুন আলী।
অভিযোগকারী মিঠুন জানান, গত বুধবার তার দুলাভাই শান্তি মিয়ার জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত বয়স সংশোধনের জন্য চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসে যান তিনি। এ সময় নির্বাচন অফিসে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটর খাজা নামে এক ব্যক্তি তার কাছে বয়স সংশোধনের জন্য ৩০ হাজার টাকা দাবি করেন। পরে তার পাশে সেবা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তির কাছে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরের জন্য তিন হাজার টাকা দাবি করেন অভিযুক্ত খাজা। ভুক্তভোগী মিঠুন দেশ রূপান্তরকে বলেন, ‘নিরুপায় হয়ে আমি জেলা প্রশাসকের কাছে ডেটা এন্ট্রি অপারেটর খাজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ করেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি নির্বাচন অফিসের সঙ্গে সংশ্লিষ্ট নন। যার বিরুদ্ধে অভিযোগ তিনি নির্বাচন অফিসে আউটসোর্সিংয়ের কাজ করেন।’