চাঁদপুর জেলা পুলিশের প্রটোকল চেয়ে শ্রীঘরে ঠাঁই হয়েছে মো. আরিফ হোসেন বিপ্লব (৪০) নামের এক ভুয়া বিচারপতির। ঢাকা থেকে চাঁদপুরের মতলবে আসার মূহূর্তে পুলিশ প্রটোকল পেতে গিয়ে নিজেই বিপত্তি ডেকে আনেন তিনি।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।
চাঁদপুর ডিআইও ওয়ান সূত্রে জানা যায়, আটক মো. আরিফ হোসেন বিপ্লব মূলত ৯৯৯-এ কল দিয়ে নিজেকে বিচারপতি পরিচয় দিয়ে পুলিশ প্রটোকল চেয়েছিলেন। পরে আমরা পুলিশ প্রটোকল দিতে গিয়ে দেখি তার গাড়িতে কোনো জাতীয় পতাকা নেই, বডিগার্ড নেই, তিনি পূর্বনির্ধারিত কর্মসূচিও দেননি এবং তার গাড়িটি জীর্ন। পরে তাকে প্রটোকল দিয়ে বাড়ি পৌঁছানোর পর বিষয়টি সন্দেহজনক হওয়ায় দ্রুত খোঁজ-খবর শুরু করি। পরে তিনি নিজের নাম-পরিচয় আড়াল করে ভুয়া বিচারপতি পরিচয় বহন করেছেন বলে জানতে পেরে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিয়েছি।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, আটক ভুয়া বিচারপতি পরিচয়দানকারী বিপ্লব প্রমাণিকের আসল নাম হচ্ছে মো. আরিফ হোসেন বিপ্লব (৪৫)। তিনি মতলব দক্ষিণের দিঘলদী গ্রামের বাসিন্দা এবং এলাকায় তার প্রভাব বিস্তারের জন্য এ কাজটি করেছেন। তাকে বাড়ি থেকে তার ভাড়া করা প্রাইভেটকারসহ আটক করা হয়েছে। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের ভুয়া বিচারপতি পরিচয়ের কথা স্বীকার করেছে।
এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, মো. আরিফ হোসেন বিপ্লব নামে ওই ভুয়া পরিচয়দানকারী ব্যক্তি শুনলাম কিছুদিন আগে স্ট্রোক করেছে। শারীরিকভাবে অসুস্থ। তিনি আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। মতলব সরকারি কলেজ গেইট এলাকায় তার নিজের একটি ওয়ার্কসপ দোকান রয়েছে বলে খবর পাচ্ছি। ভুয়া বিচারপতি পরিচয় দিয়ে পুলিশ প্রটোকল নেয়ার জন্য তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।