বিশ্বব্যাপী সংহতি জোরদার এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারীর কারণে খাদ্য, বিদ্যুৎ ও আর্থিক সংকট মোকাবিলায় সুসমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বৈশ্বিক সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে চারটি প্রস্তাব উত্থাপন করে সেসব বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া আহ্বান জানিয়েছেন। বাসস গতকাল শুক্রবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ‘গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ (জিসিআরজি)-এর প্রথম উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং কভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট চলমান বৈশ্বিক সংকট মোকাবিলার লক্ষ্যে এ গ্রুপটি গঠন করেছেন।
শেখ হাসিনা বলেন, ‘ইউক্রেনের যুদ্ধ এমন এক সময়ে এসেছে যখন বিশ্ব কভিড-১৯ মহামারী থেকে উদ্ধার পেতে লড়াই করে চলেছে। এ যুদ্ধ ইতিমধ্যে নাজুক বিশ্ব অর্থনীতিতে গুরুতর চাপ যুক্ত করেছে।’ কার্যকরভাবে সংকট মোকাবিলায় উন্নত অর্থনীতি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত অস্থিতিশীল করে তুলেছে, যেখানে খাদ্য, জ¦ালানি ও অন্যান্য পণ্যের স্বল্প সরবরাহ এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ইতিমধ্যেই সাধারণ মানুষের জীবনে মারাত্মক চাপ সৃষ্টি করেছে। স্বল্পোন্নত দেশ এবং এসআইডিগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তাদের অবিলম্বে এবং লক্ষ্যমাত্রাভিত্তিক সহায়তা ব্যবস্থার প্রয়োজন। এ বিষয়ে তিনি উন্নত দেশসমূহ ও বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শুল্ক ও কোটামুক্ত বাজারে প্রবেশাধিকার এবং আরও সহজলভ্য অর্থায়নের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে শেখ হাসিনা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চারটি প্রস্তাব রেখেছেন। প্রথম প্রস্তাবে তিনি বলেন, ‘প্রথমত আমাদের অবশ্যই বিশ্বব্যাপী সংহতি জোরদার করতে হবে এবং একটি সুসমন্বিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। জি-৭, জি-২০, ওইসিডি এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
দ্বিতীয়ত প্রস্তাবে তিনি বলেন, ‘অবিলম্বে বিশ্বব্যাপী লজিস্টিক এবং সরবরাহ শৃঙ্খলে বাধাগুলো মোকাবিলা করা প্রয়োজন। এ প্রয়াস পণ্যের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে সহায়তা করবে। বিশেষ করে স্বল্পোন্নত দেশ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর বৈশ্বিক বাণিজ্য ও রপ্তানি আয় পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সমর্থনও থাকতে হবে।’
তৃতীয় প্রস্তাবে বলেন, ‘কার্যকর খাদ্য সঞ্চয় ও বিতরণ ব্যবস্থার জন্য কৃষি খাতের জন্য প্রযুক্তি সহায়তা এবং বিনিয়োগের ওপর আরও বেশি গুরুত্ব প্রদান করা অপরিহার্য। নবায়নযোগ্য জ¦ালানি ক্ষেত্রে বিশেষ করে এলডিসিতে অনেক সম্ভাব্য ব্যবসার সুযোগ রয়েছে।’
পরিশেষে তিনি ৪৮ সদস্যের জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের সভাপতি হিসেবে উল্লেখ করেন, ‘আমরা অনেক এসআইডি এবং নিম্নাঞ্চলীয় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এসব দেশে কৃষি-খাদ্য ব্যবস্থা গুরুতর চাপের মধ্যে রয়েছে।’
বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বহুপাক্ষিকতায় দৃঢ়বিশ্বাসী। আমরা সর্বদা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নে অবদান রাখার জন্য জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়েছি। এ গোষ্ঠীকে সমর্থন করার জন্য আমাদের প্রতিশ্রুতি সেই প্রত্যয় থেকে উদ্ভূত।’
জাতি হিসেবে আমরা সবচেয়ে ভয়ংকর চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে সহিষ্ণুতার জন্য পরিচিত উল্লেখ করে তিনি বলেন, ‘কভিড-১৯ মহামারী তার সর্বশেষ উদাহরণ। মহামারী কাটিয়ে ওঠার লক্ষ্যে আমাদের প্রচেষ্টায় জীবন ও জীবিকার সুরক্ষার মধ্যে সতর্ক ভারসাম্য বজায় রাখা হয়েছে। ভ্যাকসিন সংগ্রহের জন্য সময়মতো ব্যবস্থা গ্রহণ আমাদের একটি বড় স্বাস্থ্য সংকট এড়াতে এবং জীবন বাঁচাতে সাহায্য করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের রপ্তানি খাত এবং এসএমইকে সমর্থন করার জন্য বাস্তবসম্মত উদ্যোগ নিয়েছি। ২৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রণোদনা প্যাকেজ চালু করা হয়েছে। আর এ পদক্ষেপগুলো আমাদের গত অর্থবছরে ৬ দশমিক ৯৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হার অর্জনে সহায়তা করেছে।’
গ্লোবাল সাউথের প্রতিনিধি হিসেবে শেখ হাসিনা বলেন, ‘আমি এ সংকটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের কণ্ঠস্বর টেবিলে নিয়ে এসেছি। আমাদের জাতীয় উন্নয়ন যাত্রা অনেক উদ্ভাবনী জলবায়ু কর্মের নেতৃত্ব দিয়েছে।’ তিনি বলেন, ‘আমরা অন্যদের সুবিধার জন্য জলবায়ু পরিবর্তন, জীব-বৈচিত্র্যের ক্ষতি এবং পরিবেশগত অবনতির চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের জ্ঞান, বোঝাপড়া এবং অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই।’
ব্রাজিল প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় : ব্রাজিল-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো শুভেচ্ছাপত্র বিনিময় করেছেন। ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্বাধীনতার পরপরই বাংলাদেশকে ব্রাজিলের স্বীকৃতির কথা স্মরণ করে বাংলাদেশের জণগণের পক্ষ থেকে ব্রাজিলের সরকার এবং জণগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অপরদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো তার শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেছেন, বাংলাদেশের সূচনালগ্নে ব্রাজিলের সেই স্বীকৃতি দুই দেশের সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের পথ সুগম করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তার অপরিসীম অবদানের কথা স্মরণ করেন।
শেখ হাসিনা ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং প্রেসিডেন্ট বলসোনারো সাদরে সেই আমন্ত্রণ গ্রহণ করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ব্রাজিলের প্রেসিডেন্ট দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।