উত্তর আমেরিকা ও ইউরোপের কিছু দেশে গত মে মাসের শুরু থেকে মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে। আফ্রিকার কিছু অংশেও স্থানীয় এ রোগ ছড়িয়ে পড়ছে। এখন এটা আরও দ্রুত ছড়াচ্ছে। গতকাল শুক্রবার ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় মাঙ্কিপক্সে সংক্রমিত প্রথম রোগী পাওয়া গেছে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও পর্তুগালে এ রোগ শনাক্ত হয়েছে। খবর এএফপির।
রোগটি ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশে উদ্বেগ বেড়েছে। তবে আশার কথা, এ রোগে সংক্রমিত রোগী কয়েক সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ রোগে বিরল কিছু ক্ষেত্রেই কেবল মৃত্যুর আশঙ্কা থাকে।
গত ৭ মে যুক্তরাজ্যে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তিনি নাইজেরিয়া ভ্রমণ করেছিলেন। পরে তার মাধ্যমে এটি আরও ছড়িয়েছে বলে জানায় যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ)।
মধ্য ও পশ্চিম আফ্রিকার দুর্গম এলাকায় মাঙ্কিপক্স খুব পরিচিত রোগ। তবে পৃথিবীর অন্যান্য প্রান্তে এ রোগের উপস্থিতি বিরল। অস্ট্রেলিয়ায় মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ইউরোপ ভ্রমণ করেন। একজন শনাক্তের পর সুইডিশ কর্র্তৃপক্ষ বলেছে, তাদের দেশের ওই নাগরিক কীভাবে আক্রান্ত হলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।